এক নবম শ্রেণীর ছাত্রীকে উত্যক্ত করার প্রতিবাদ করায় এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করার অভিযোগ উঠল। ঘটনায় উত্তেজিত জনতার রোষে পরে গণধোলাইয়ে মৃত্যু হল অভিযুক্ত যুবকেরও। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পরল মালদার কালিয়াচক থানার গয়েশপুর দক্ষিণ পাড়া এলাকায়।
ঘটনার সূত্রপাত হয় বৃহস্পতিবার সকালে। কালিয়াচক থানার গয়েশপুর দক্ষিণ পাড়ার বাসিন্দা নবম শ্রেণীর এক ছাত্রীকে উত্যক্ত করছিলো স্থানীয় বাসিন্দা তফিক ইসলাম বলে অভিযোগ। চোখের সামনে এই ঘটনা ঘটতে দেখে প্রতিবাদ না করে থাকতে পারেননি রাজু সেখ নামে স্থানীয় এক যুবক। অভিযোগ এরপরেই তফিক সেখ ধারালো অস্ত্র দিয়ে রাজু সেখকে কুপিয়ে খুন করে। এরপরই এলাকা ছেড়ে পালানোর চেষ্টা করে তফিক। কিন্তু স্থানীয় উত্তেজিত জনতা তাকে ধরে ফেলে এবং গনপ্রহার শুরু করে। ঘটনায় এলাকাজুরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। জানা যায়, পরে কালিয়াচক থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠায়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।